হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপচালক হৃদয় মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া (২৪)।
পুলিশ জানায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছালে সিলেটগামী ফ্রেস সিমেন্ট ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।




