রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজশাহীতে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (২৭মে) সারাদিন থেমে-থেমে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে।

এর আগে, রোববার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এ জেলায় বৃষ্টিপাত শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি কিংবা ভারী বর্ষণ হয়েছে।

অবশ্য ঘূর্ণিঝড় রেমাল উপকূল অঞ্চল অতিক্রম করার সময় থেকে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে থেমে থেমে বর্ষণের কারণে সোমবার সকালে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবক। উপায় না থাকায় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে সকাল থেকে যানবাহন চলাচলও কম। ফলে মানুষকে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিক্যাল মাইল। সকাল থেকেও থেমে থেমে বৃষ্টিপাত চলছে। সেই সঙ্গে বয়ে চলেছে দমকা হাওয়া। আর এই বৃষ্টিপাত এখনই শেষ হচ্ছে না, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের অন্যান্য বিভাগের পাশাপাশি রাজশাহীতেও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অতটা থাকবে না বলেও জানান আবহাওয়া অধিদফতর।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button