লক্ষ্মীপুরে সাবেক দুই নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে হত্যা করেছে। নিহত নোমান বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমানের ছোট ভাই এবং রাকিব বশিকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ছিলেন। দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই নোমান মারা যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাকিব মারা যায়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দা বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর কয়টি গুলি লেগেছে সেটা নিশ্চিত করে বলা যাবে। অন্য এক জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। তার গায়েও গুলির চিহ্ন রয়েছে
স্থানীয়রা বলেন, ঘটনার আগে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান পোদ্দার বাজারে ছিলেন। সেই সময় তার সাথে থাকা অন্যদের বিদায় দিয়ে তিনি ছাত্রলীগের সাবেক নেতা রাকিবকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার, পথেই দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সে সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং নোমানের মোবাইল ফোনও নিয়ে যায় আক্রমণকারীরা। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নোমান ও রাকিবকে পড়ে থাকতে দেখে এবং তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত যুবলীগ নেতা নোমানের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান জানায়, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের ১সহ সভাপতির সন্ত্রাসীরা তার ভাই নোমান এবং রাকিবকে গুলি করে হত্যা করেছে।
জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু জানায়, আমরা এ হত্যার প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করতে হবে। অন্যদিকে এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীদের দায়ী করে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি এবং আইনগত কার্যক্রম চলছে বলেও জানান তিনি।




