লক্ষ্মীপুরে বাসচাপায় নিহত ১
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে নামাজ পড়তে মসজিদে যাওয়ায় পথে বাসচাপায় আয়াতউল্লাহ নামে ৬২ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।বুধবার সন্ধ্যা ৬টার দিকে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লেংড়াবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আয়াতউল্লাহ পৌরসভার কেরোয়া এলাকার গোলাম সর্দারবাড়ির বাসিন্দা।নিহতের ছেলে মো. স্বপন বলেন, বুধবার সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে অটোরিকশা করে লেংড়া বাজারে বাড়ির সামনে নামেন তিনি। এ সময় মাগরিব নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য সড়ক পারাপারের সময় আনন্দ পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ওই বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। বাসটিসহ হেলপারকে আটক করা হয়েছে।



