টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে হাঁটাহাঁটির সময় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের সদস্যরা। বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে সাগর ও একই জেলার আহাম্মপুর গ্রামের লিয়াকতের ছেলে সজীব।
স্থানীয়রা বলেন, গভীর রাতে প্রাইভেটকারযোগে পাবনা যাচ্ছিলেন সাগর ও সজীব। পথে ঢাকা বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে পড়ে যায়।
পরে তারা গাড়িটি উদ্ধারের চেষ্টায় রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। ওই সময় ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


