নন্দীগ্রামে লাইসেন্সবিহীন খাদ্যশস্য ব্যবসা, দুই ব্যাবসাপ্রতিষ্ঠানে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্সবিহীন খাদ্যশস্য ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার কামরুল হাসান (৩৭) কে ২০ হাজার টাকা ও মা বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মালেক (৩৯) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্যশস্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক। খাদ্যশস্য ব্যবসার জন্য যথাযথ লাইসেন্স গ্রহণ না করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইনে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, খাদ্যশস্যের অবৈধ ব্যবসা ও অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন অনুযায়ী লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



