খেলাধুলা

অবশেষে রুবেলের কবর সংরক্ষণের নির্দেশ দিলেন মেয়র

স্পোর্টস ডেস্কঃ

অবশেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্য প্রয়াত মোশররফ হোসেন রুবেলের কবরটি মানবিক বিবেচনায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

আজ রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা মিডিয়ার মাধ্যমে কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিকভাবে আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, মেয়র মো. আতিকুল ইসলাম এই মুহূর্তে ওমরা পালনে মক্কায় অবস্থান করছেন। তিনি মিডিয়ার মাধ্যমে আবেদনটি জেনে কবরটি সংরক্ষণ করতে এ নির্দেশনা দিয়েছেন। 

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেন, মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেনি, দেশের জন্য খেলেছেন। তার অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তার কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

ক্রিকেটার রুবেলের স্ত্রী ও শিশু সন্তানের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন; সে মানুষটি বিদায়ের বেলায় এক টুকরো মাঁটি পাবে না, তা হতে পারে না। 

তিনি জানিয়েছেন, ওমরা পালন শেষে দেশে ফিরে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪০ বছর।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button