NEWNewsটপ নিউজদূর্গাপুরপুঠিয়ামুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

নেতার চামচা থেকে ‘আলাদিনের চেরাগ’—দুর্গাপুরে সুমনের ক্ষমতায়, চাঁদাবাজি ও অগ্নিসংযোগে অর্থায়নের অভিযোগ; ইউএনওর ভূমিকা নিয়েও প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক: একসময় নেতার ছায়াসঙ্গী, দেহরক্ষী থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের (সিএ)—অভিযোগের কেন্দ্রে থাকা যুবলীগ নেতা সুমনের উত্থান যেন রূপকথার গল্পকেও হার মানায়! স্থানীয়দের ভাষায়, যেন হাতে পেয়েছিলেন ‘আলাদিনের চেরাগ’। সময়ের সঙ্গে বদলেছে তার অবস্থান, বেড়েছে প্রভাব-প্রতিপত্তি। তবে সেই উত্থানের নেপথ্যে রয়েছে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক অর্থায়নের মতো একাধিক গুরুতর অভিযোগ। এসব অভিযোগের পাশাপাশি এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহলের একাংশ।

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি যুবলীগ নেতা সুমনের। একসময় নেতার ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে পরিচিত থাকলেও পরবর্তী সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহকারী (সিএ) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে ছিল সুমনের ব্যাপক প্রভাব ও কালো নিয়ন্ত্রণ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সামনে আসতে শুরু করে তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। রাজনৈতিক পটপরিবর্তন হলেও কথিত প্রভাবের বলয় ধরে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, উপজেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেই নিজের প্রভাব বিস্তার করে চলেছেন তিনি।

সুমনের বিরুদ্ধে উঠা অভিযোগ গুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা। স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাজনৈতিক প্রভাব ধরে রাখা এবং নিজস্ব বলয় সক্রিয় রাখতে দলটির কিছু নেতাকর্মীর সঙ্গে সুমনের যোগাযোগ ও আর্থিক লেনদেন অব্যাহত রয়েছে। এমনকি সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কেন্দ্র করেও অর্থের জোগানদাতা হিসেবে তার নাম আলোচনায় এসেছে।

স্থানীয় সূত্রের আরো দাবি, গত ১৮ নভেম্বর দুর্গাপুর গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ এবং ১৯ নভেম্বর নওপাড়া ইউনিয়নে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আওয়ামী লীগ সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এদিকে এসব ঘটনায় জড়িত বলে অভিযুক্ত কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের বক্তব্যে সুমনের অর্থায়নের প্রসঙ্গ উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সুমন ভাইয়ের অর্থায়নে আমরা সরকার পতনের আন্দোলন করছি।’ এ বক্তব্যের পর অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগান এবং নেপথ্যের ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে বক্তব্যদাতাদের পরিচয়, বক্তব্যের সত্যতা এবং সুমনের অর্থায়নের অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে ইটভাটা মালিকদের দাবি, প্রতিটি ভাটা থেকে বছরে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় সুমনকে। অন্যথায় নেমে আসে অভিযান ও হয়রানির খড়্গ। তাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে এভাবে বিভিন্ন ইটভাটা থেকে অর্থ আদায়ের চাপ সৃষ্টি করা হয়।
সার ডিলারদের অভিযোগ, ইউএনওর নাম ভাঙিয়ে বিভিন্ন অনুষ্ঠানের অজুহাতে চাঁদা আদায় এবং টাকা না দিলে লাইসেন্স বাতিল ও ভ্রাম্যমান আদালতের হুমকি দেওয়া হয়। প্রশাসনের নাম ব্যবহার করে এ ধরনের অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

মৎস্যজীবী সমিতির ক্ষেত্রেও তার কথিত নিয়ন্ত্রণ নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। এক সমিতির সভাপতির দাবি, সমিতি তার নিয়ন্ত্রণে না দেওয়ায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সরকারি পুকুর বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। আরও অভিযোগ, সমিতির অডিট কপি নিজের নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন সমিতির নামে পুকুর বরাদ্দ নিয়ে পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সাবলিজ দেওয়া হচ্ছে।এদিকে উপজেলা পরিষদের পাশের সরকারি জমিতে মার্কেট নির্মাণ করে পছন্দের ব্যক্তিদের কাছে বিপুল অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ দেওয়ার সত্যতা মিলেছে । অন্যদিকে পুকুর খননসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, দুর্গাপুরে পুকুর খনন করতে গেলেও সুমনের সঙ্গে সমঝোতা করতে হয়। প্রতি বিঘায় ৩০ হাজার টাকা দেওয়ার পরই নাকি শুরু করা যায় অবৈধ পন্থায় খননকাজ।

এতসব অভিযোগের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহলের একাংশ। তাদের অভিযোগ, ইউএনওর প্রত্যক্ষ সমর্থন ও প্রশ্রয় পাওয়ার কারণেই সুমন আরও বেপরোয়া হয়ে উঠেছেন। প্রশাসনের একটি অংশের সঙ্গে তার কথিত ঘনিষ্ঠতা ও প্রভাব বিস্তারের বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি এখন সময়ের ব্যাপার।

সচেতন মহলের একাংশ ইউএনও উম্মে হাবিবা ফারজানা ও সুমনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত সহ তাদের আইনের আওতায় নেওয়ার দাবি তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ইটভাটা, সার ব্যবসা, সরকারি পুকুর বরাদ্দ, মার্কেটের দোকান বরাদ্দ, পুকুর খনন এবং রাজনৈতিক অর্থায়নের অভিযোগগুলো আমলে নিয়ে নিরপেক্ষ অনুসন্ধান করা হোক। একই সঙ্গে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বা কোনো কর্মকর্তার প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা ছিল কি না, তাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

একজন রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ সহযোগী থেকে কীভাবে সরকারি-বেসরকারি নানা কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগের কেন্দ্রে এলেন সুমন? অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনায় অর্থায়নের অভিযোগের পেছনে কী তথ্য রয়েছে? প্রশাসনের কোনো কর্মকর্তা তাকে সহযোগিতা করেছেন কি না? সরকারি সম্পদ বরাদ্দ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে কথিত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা কতটুকু? এসব প্রশ্নের উত্তর এখন দুর্গাপুরবাসীর সামনে।
এসব অভিযোগের বিষয়ে সুমনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ইউএনও উম্মে হাবিবা ফারজানার বক্তব্যও এ প্রতিবেদনে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

এখন দুর্গাপুরবাসীর প্রত্যাশা—অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, বেরিয়ে আসুক অগ্নিসংযোগের নেপথ্যের অর্থের উৎস, চাঁদাবাজি ও সরকারি সম্পদ নিয়ন্ত্রণের অভিযোগের প্রকৃত সত্য। প্রশাসনের কেউ জড়িত থাকলে তারও জবাবদিহি নিশ্চিত হোক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হোক, অভিযোগের এই প্রভাববলয়ের নেপথ্যে আসলে কারা!কোন রক্ষক যদি ভক্ষকের কারণ হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক- চ ল বে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button