বগুড়ায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির আঙিনায় আম কুড়ানোর সময় বজ্রপাতে জোহা মন্ডল নামের এক শিশু নিহত হয়েছে। নিহত জোহা উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের আলম মন্ডলের ছেলে। সে রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বিকেল ৪টার সময় ওই শিশুর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন এই তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ দুপুরের পর থেকে এলাকায় ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। সে সময় শিশু শিক্ষার্থী জোহা বাড়িতে গাছ তলায় আম কুড়াতে যায়। এই অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।



