রাজশাহীতে করোনায় আবারও ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আবারও তিনজন মারা গেছেন।
গতকাল শনিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে আজ রবিবার (২৪ জুলাই) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার চম্পা বেগম (৪০), বোয়ালিয়া থানা এলাকার রোজলি বেগম (৮২) এবং নাটোরের আব্দুর রাজ্জাক (৬০)। এদের মধ্যে চম্পা বেগম ৭ দিন, রোজলি বেগম ৫ দিন এবং আব্দুর রাজ্জাক ১৩ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।এর আগে শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে শনিবার (২৩ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে আরও তিনজন মারা যান।
এই তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান,করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুজন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
এই ব্যাপারে পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে রবিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। ভর্তি অন্য ২ জন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩ জন রোগী।
এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৯টিতে করোনা শনাক্ত হয়েছে । করোনা শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ পর্যন্ত রয়েছে।





