কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীতে বৃদ্ধকে গণপিটুনি
স্টাফ রিপোর্টারঃ
কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী নগরীর বিমানবন্দর থানার তকিপুরে জারমান আলী (৬১) নামে এক বৃদ্ধকে পিটিয়ে পুলিশে দিয়েছেন ক্ষিপ্ত এলাকাবাসী।
গতকাল শনিবার দুপুরে পুলিশের হাতে আটক জারমান আলী প্রাথমিকভাবে ওই কিশোরীকে ধর্ষণের সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মশিউর রহমান। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জারমান আলী শুক্রবার দুপুরের দিকে ওই কিশোরীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেন। তাদের পরস্পরের মধ্যে কোন রক্তের সম্পর্ক না থাকলেও মেয়েটি জারমান আলীকে নানা বলে ডাকতেন। সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে জারমানের বাড়িতে যান ওই কিশোরী । এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করেন জারমান আলী। ধর্ষণ শেষে বাড়ি থেকে কিশোরীকে বের করে দেন তিনি।
বিমানবন্দর থানার ওসি মশিউর রহমান বলেন, কিশোরী বৃদ্ধের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে জারমানের অসংলগ্ন কথাবার্তায় ধর্ষণের ঘটনাটি স্পষ্ট হয়। এ সময় লোকজন তাকে বেধম পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
এতে জারমান গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে জারমানকে আসামি করে থানায় একটি ইউডি মামলা করেছেন। মামলায় জারমানকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্ত জারমানকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




