শেরপুরে পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় খালে গোসলে নেমে সহোদর ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, স্থানীয় আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো। ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কয়েক জনের সঙ্গে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় মারিয়া ও মাসুদ। পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায়। এরপর অন্যদের চিৎকারে স্থানীয়রা খালে তাদের খোঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি আব্দুল কাদের খান বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



