সংবাদ সারাদেশ
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা-স্বামী আটক
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে এক গৃহবধূকে হত্যা করেছে ঘাতক স্বামী। নিহত ওই গৃহবধূর নাম আদুরী বেগম (২১) তার স্বামী আতিয়ার রহমানের (২৮)। রোববার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামে এ ঘটনা ঘটে। তার স্বামী আতিয়ারকে আটক করেছে পুলিশ।
নিহত আদুরি বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের মেয়ে। স্বামী আতিয়ার রহমান উপজেলার সিংড়া ইউপির শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, রোববার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদুরিকে মারধর করে। মারধরের এক পর্যায়ে আদুরি মারা যায়। পরে বিষয়টি জেনে পাশ্ববর্তী এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে জরুরি সহায়তা চায়। পরে দিবাগত রাত সাড়ে ৩টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক ছিল। সোমবার ভোরে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে আটক করা হয়। নিহত গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নিহত গৃহবধূ বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে আতিয়ারের সঙ্গে তার মেয়ে আদুরির বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো।তবে সংসার টিকিয়ে রাখাতে মুখ খুলতো না সে কিন্তু শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো আমার মেয়েকে।

