নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে জেলার হাওর বিস্তৃত উপজেলা খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে পরশমনি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়াও সন্ধ্যায় জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে রুবেল পালোয়ান নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহত পরশমনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী। আর নিহত রুবেল দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর শংকরপুর গ্রামের নছুর পালোয়ানের ছেলে।
জানা যায়, গতকাল শনিবার বিকেলে খালিয়াজুরীতে খালার বাড়িতে বেড়াতে আসেন পরশমনি। রাত সাড়ে ৮ টার সময় লাইটের সুইচ অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসক আসাদুজ্জামান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে কাজ করছিলেন রুবেল সহ অন্যরা। ঘরে টিনে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুবেল। সে সময় রুবেলকে বাঁচাতে গেলে আরো দু’জন নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।
খালিয়াজুরী থানার ওসি খায়রুল বাশার ও পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে খালিয়াজুরী ও দুর্গাপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন।





