নরসিংদীতে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল উধাও
সংবাদ চলমান ডেস্কঃ
নরসিংদীর পলাশে দুর্বৃত্তরা দুটি কবরস্থান থেকে মোট ৭টি কঙ্কাল চুরি করেছে। মঙ্গলবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর কবরস্থান থেকে ৬টি ও ইসলামপাড়া কবরস্থান থেকে ১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কাজিরচর সামাজিক কবরস্থান থেকে ৬টি কবর খুঁড়ে কে বা কারা কঙ্কাল নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন কবরস্থান এলাকায় গিয়ে পুরোনো কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। পরে কবরে নেমে লাশের কঙ্কাল পাওয়া যায়নি। এছাড়া একই ইউনিয়নের ইসলামপাড়া সামাজিক কবরস্থান থেকে একটি কবর খোঁড়া অবস্থায় পাওয়ায়। সেই কবরেও কঙ্কাল পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
এদিকে খবর পেয়ে ইউএনও রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৭টি কঙ্কালের মধ্যে ৩টি কঙ্কালের পুরো অংশ নিয়ে গেছে। আর বাকি ৪টি কঙ্কালের আংশিক চুরি করে নিয়ে গেছে। আমরা তদন্ত করে দেখছি। আর এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।


