সংবাদ সারাদেশসারাদেশ

৫ জিবি বোনাস নিয়ে ফিরছে মোবাইল ইন্টারনেট

দেশে কয়েক দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। এমতাবস্থায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ রোববার (২৮ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর গুলোর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, রোববার বিকেল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে।

এর আগে বিটিআরসির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছিল, গত ১৮ জুলাই থেকে বন্ধ থাকা ফোরজি মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ রোববার। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম যথারীতি বন্ধ থাকবে। প্ল্যাটফর্মগুলোকে দেওয়া চিঠির জবাব এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সামাজিক যোগাযোগমাধ্যম গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বিঘ্নের ঘটনায় সরকার ইন্টারনেট বন্ধ করেনি বলেও দাবি করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়। এর পরদিন মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানান পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সে সময় তিনি উল্লেখ করেছিলেন। একই দিন সন্ধ্যায় সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেটও। ফলে দেশজুড়ে সব ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এমন প্রেক্ষাপটে গত মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলক ভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। পাশাপাশি দাবি ওঠে মোবাইল ইন্টারনেট সংযোগও চালু করার। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক জানিয়েছিলেন যে, মোবাইল অপারেটর গুলোর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button