নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী-সন্তান খুন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশুপুত্রকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ফকরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজনরা।
গতকাল ১২ ডিসেম্বর রোববার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ এলাকার ফকরুল ইসলামের স্ত্রী রেশমি আক্তার ও তার ১৩ মাস বয়সী ছেলে সালমান সাফায়ার।
রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় রেশমি ও সালমানের লাশ । রেশমি আক্তারের পরিবার স্বজনরা বলেন, দুই বছর আগে পারিবারিকভাবে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফকরুল ইসলামের সঙ্গে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের বিবাহ হয়। বিবাহর পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিভিন্ন রকম ঝগড়া-বিবাদ লেগে থাকত রেশমির। বিয়ের পর চাকরি না থাকায় মাদকাসক্ত হয়ে পড়ে রেশমির স্বামী ফকরুল- এমন অভিযোগে তাকে রিহ্যাবে দেন বাবা-মা। পরে স্ত্রী রেশমির আবদারে ফকরুলকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসা হয়।
আরো জানা গেছে, রোববার রাতে বিষয়টি নিয়ে ফের রেশমির সঙ্গে কলহ বাধে ফকরুল ও তার মা-বাবার। এরই জেরে রাতের কোনো এক সময় রেশমি ও সালমানকে গলা কেটে হত্যা করেছেন মাদকাসক্ত ফকরুল ইসলাম- এমন অভিযোগ নিহতের পরিবারের।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আটককৃত ফকরুল ইসলাম মাদকাসক্ত। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




