রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে ট্রাকে পাথরের আড়ালে হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় ট্রাক থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এসব বলেন।
এর আগে, সোমবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল (২০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ির তেনু হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহ জনক একটি ট্রাক থামিয়ে ব্যাগের মধ্যে পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ৫১টি প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও ১৫ হাজার ১১০ কেজি পাথর সহ ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।
দফতরটির অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।





