বগুড়ায় বাবাকে বাঁচাতে গিয়ে নিহত ছেলে
বগুড়া প্রতিনিধি:
শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া গ্রামে মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হন বাবা। ছুটে যান বাবাকে বাঁচাতে। কিন্তু গুরুতর আহত অবস্থায় বাবা বেঁচে থাকলেও মারা গেছেন ছেলে সাফি।
মৃত সাফি (৩৫) মোফাজ্জল হোসেনের ছেলে। মোফাজ্জল (৬৫) দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। ওই মসজিদের পাশেই তার বাড়ি।
জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল পৌনে ৭ টার দিকে মসজিদের ছাদে জাতীয় পতাকা টাঙাতে যান মোফাজ্জল। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। ওই সময় বাবাকে বাঁচাতে গেলে সাফিও বিদ্যুতায়িত হন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার এসআই খোকন। তিনি জানান, মোফাজ্জল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেছেন স্বজনরা।





