অবশেষে বিএনপি নেতা চাঁদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।
গত (১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়।
বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।
এরপর (২২ মে) সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। যেখানে আবু সাঈদ চাঁদ সহ ১২ জনকে আসামি করা হয়। এই মামলায় ৩ জন গ্রেফতার হন।
মঙ্গলবার (২৩ মে) নাটোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। সর্বশেষ বুধবার (২৪ মে) চাঁদ সহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মানহানির মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
এর আগেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এই অভিযোগে গত বছরের (২৬ জুলাই) তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।





