রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে দিনব্যাপী এক ভিন্নধর্মী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর কাদিরগঞ্জস্থ শাহ ডাইন কনভেনশন সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারি-বেসরকারি ২৭টি প্রতিষ্ঠান এবং তিন শতাধিক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণ করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ‘রেইজ’ (RAISE) প্রকল্পের আওতায় ‘প্রয়াস’সহ তিনটি সামাজিক সংগঠন যৌথভাবে এ মেলার আয়োজন করে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। বিশেষ করে আইটি বিষয়ে পারদর্শী, সেলসম্যান এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা সিভি জমা দিয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই ও ভাইভায় কৃতকার্য হওয়ার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ প্রার্থীকে তাৎক্ষণিকভাবেই চাকরির নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি চাকরিপ্রত্যাশীরা নিজেদের সিভি আপডেট করা এবং চাকরি বিষয়ক সেমিনারে অংশগ্রহণেরও সুযোগ পান। এমন ব্যতিক্রমী আয়োজনে কাঙ্ক্ষিত চাকরির খোঁজে আসা তরুণরা দারুণ খুশি। আয়োজকরা জানান, মূলত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের বিভিন্ন কর্মমুখী প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শতফুল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।
রেইজ প্রকল্প, পিকেএসএফ উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী।প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী প্রমুখ।





