বগুড়ায় দুই বোনের করুণ মৃত্যু
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ৷
নিহতরা হলো, উল্লেখিত এলকার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক হাবিব ইসলামের দুই মেয়ে হিমা এবং জান্নাত। এরমধ্যে হিমার বয়স সাড়ে পাঁচ বছর এবং জান্নাতের বয়স আড়াই বছর।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
তিনি জানান, একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা ডোবায় ডুবে মারা গেছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে দুই সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা-মা । ভারি হয়ে উঠেছে ঐ এলাকার বাতাস ।
নিহত দুই বোনের পরিবার জানায়, রোববার সকাল ১০টা থেকে হিমা ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। পরে তাদের মা ও দাদি সহ এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এসময় দ্রুত চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকে নেওয়া হয়।
পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




