পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারাজানা ইয়াসমিন ও রাসেল হোসেন নামে দুই ভাই-বোন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউপির চাচকিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাসেল হোসেন ও ফারাজানা ইয়াসমিন। তারা ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এ সময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।
আহত অবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নিহতদের বাবা হিরু ইসলাম বলেন, আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি। তাই মেয়ে তাঁত চালাতে গিয়েছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছে আমরা একটুও টের পাইনি। আমার সর্বনাশ হয়ে গেল। দুইটা কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।
এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার শেষে নিহতের স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

