আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
সংবাদ চলমান ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষক কর্তৃক দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়ার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে পৌরশহরের সড়ক বাজারস্থ এ্যাড. সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টা ব্যাপী মানববন্ধনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
উল্লেখ্য, ২০১৯ সনের ১৫ নভেম্বর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে জেএসসি পরীক্ষায় আখাউড়ার একটি কেন্দ্রের নকলের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৫ দিন পর আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম (দৈনিক যায়যায়দিন) ও সাংবাদিক মহিউদ্দিন মিশুর (দৈনিক যুগান্তর) বিরুদ্ধে শিক্ষক কাজী ইকবাল বাদী হয়ে ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে আখাউড়া থানা পুলিশকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আখাউড়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো.ফজলে রাব্বি, যুগান্তর প্রতিনিধি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি), মো. শরীফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখার সভাপতি আফজাল খান শিমুল (দৈনিক তৃতীয়মাত্রা), মো. আবির খান (এশিয়ান টিভি), সরাইল উপজেলা রিপোটার্স ইউনিয়নের সভাপতি নুরুল হুদা ও মো. জুয়েল (ডুনেট বাংলাদেশ) প্রমুখ।
বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। নতুবা পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক শাহাদাত হোসেন লিটন (মানবজমিন), নাসির উদ্দিন (সমকাল), হান্নান খাদেম (যায়যায়দিন) কাজী মফিকুল ইসলাম (বাংলাদেশের খবর), তাজবীর আহমেদ (আমাদের সময়), মো. জালাল হোসেন মামুন (দেশ রূপান্তর), শেখ মনির হোসেন নিজাম (দৈনিক প্রভাতী খবর), মো. রনি (সময়ের আলো), সাদ্দাম হোসেন (দৈনিক অধিকার), মো. রুবেল আহমেদ (মাতৃভূমির খবর), আশীষ সাহা (দেশকাল), দ্বীন ইসলাম (বাংলাদেশ বুলেটিন), অমিত হাসান অপু, মো. সাইমন মিয়া (আমাদের অর্থনীতি) প্রমুখ।




