কুমিল্লায় সিএনজি চাপায় নিহত ১
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা নগরীর ফৌজদারি অ্যাথনিকা স্কুলের সামনে সিএনজিচালিত অটোচাপায় আবু নাছের মুন্না নামে এক জন ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৮ বছর বয়সী মুন্না নগরীর কাপ্তানবাজার এলাকার মো. জুলফু মিয়ার ছেলে। তিনি কান্দিরপাড়ে মুন্না হার্ডওয়্যারের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে খাওয়া শেষে মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন মুন্না। ফৌজদারি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কে পড়ে যান তিনি।
এ সময় বিপরীত থেকে আসা সিএনজিচালিত আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, বিষয়টি শুনেছি, তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




