রাজশাহীতে পুকুরে সাঁতার শিখতে নেমে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে নিজেদের বাড়ির পুকুরে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল ১৮ এপ্রিল সোমবার রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নিচুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম মাসুদ রানা। সে নিচুপাড়া এলাকার কাউছার হোসেনের ছেলে।
এই ব্যপারে প্রতিবেশী শারীরিক প্রতিবন্ধী নারী আকাশি বেগম (৩২) বলেন, দুপুরে বাড়ির একটি পুকুরের পাশে মাসুদ রানা ও তার ছোট ভাই শিহাব হোসেন খেলছিল। একপর্যায়ে মাসুদ রানা পুকুরের পানিতে সাঁতার শিখতে নামে।এসময় বেলা আড়াইটার দিকে শিশু মাসুদ রানা পুকুরের পানিতে তলিয়ে যায়।
এ দৃশ্য দেখে আকাশি বেগম চিৎকার শুরু করেন। পাড়ে থাকা ছোট্ট শিহাবও কান্নাকাটি করছিল। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাসুদ রানাকে পুকুর থেকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক মাসুদ রানাকে মৃত বলে ঘোষণা করেন।
আকাশি বেগম আরও বলেন, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। এ কারণে পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করতে পারেননি। চোখের সামনে ছোট্ট শিশুকে পানিতে ডুবে মরে যেতে দেখে বিমর্ষ হয়ে পড়েছেন তিনি।
বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, শিশুটির পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশু মাসুদ রানার লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।




