রাজশাহীতে পরীক্ষার দাবিতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের অনশন
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী অঞ্চলের নার্সিং কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কয়েক জন শিক্ষার্থী কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন। বিকেলে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ হওয়ায় তারা এখন পরীক্ষার জন্য প্রস্তুত। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাঁদের পরীক্ষা নিয়ে ফলাফল দিতে হবে। রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের দুটি সহ মোট ২৩ টি নার্সিং কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। এগুলোর মধ্যে চারটি সরকারি নার্সিং কলেজ আছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের একই শিক্ষাবর্ষের (২০১৯-২০) শিক্ষার্থীদের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু তারা এখনো পরীক্ষার কোনো আভাস পাচ্ছেন না। সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ও ফলাফল না পেলে তাঁরা ছয় মাসের ইন্টার্নশিপ করতে পারবেন না। আর এটি ছাড়া আগামী বছরের মার্চে নার্সিং নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবেন না তাঁরা। তাই সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রয়োজন।
এ প্রসঙ্গে রাজশাহী নার্সিং কলেজের ছাত্র আল আমিন বলেন, তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন। ২০২৩ সালে তাদের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি হয়ে যাচ্ছে। তাদের পরীক্ষার দাবি জানাতে হচ্ছে। এটা দুঃখ জনক।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন আশ্বাস দেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। পরে বেলা পৌনে তিনটার দিকে পরীক্ষার বিষয়ে নোটিশ প্রকাশ করা হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।





