রেলের ওয়েম্যানরা উচ্চশিক্ষিত হয়ার কারনে দায়িত্বে অনিহা
আবুল কালাম আজাদঃ
কায়িক পরিশ্রম নির্ভর পদটিতে আবেদনের জন্য বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে এসএসসি বা সমমান পদমর্যাদার। যদিও সর্বশেষ নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে যারা ওয়েম্যান হিসেবে চাকরি পেয়েছেন, তাদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস। এমনকি সংশ্লিষ্ট অফিসারদের চেয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি।
গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দুই ধাপে ২ হাজার ১৭২ ওয়েম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চতুর্থ শ্রেণীর (১৯তম গ্রেড) ওয়েম্যান পদের মূল কাজ রেলপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এছাড়া রেললাইনের নাট-বল্টু টাইট দেয়া সহ ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজটিও তারাই করে থাকেন।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি কাজে যোগদান করার পর অনেক ওয়েম্যানই তাদের চাকরি ছেড়ে চলে যেতে শুরু করেছেন। আর যারা এখনো কাজ করছেন, তারাও রেলপথ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণের মতো পরিশ্রমের কাজগুলো যথাযথভাবে করতে পারছেন না। ফলে ওয়েম্যান পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দিয়েও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না সংস্থাটি।
বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৪ ডিসেম্বর ১ হাজার ৭৬৭ প্রার্থীকে রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান পদে অস্থায়ীভাবে চূড়ান্ত নিয়োগ ও পদায়ন দেয়া হয়। একই ভাবে চলতি বছরের ৫ মার্চ চূড়ান্ত নিয়োগের পর পদায়ন হয় আরো ৪০৫ জন ওয়েম্যানের। সব মিলিয়ে এ পদে এখন পর্যন্ত ২ হাজার ১৭২ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ পেয়েছেন।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েম্যানরা লাইন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লাইনের অ্যালাইনমেন্ট খারাপ থাকলে সেটাকে ঠিক করা, কোথাও কাদা-মাটি জমে গেলে সেটাকে পরিষ্কার করার কাজগুলো করে থাকেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের কাজ করতে হয়। কাজগুলো করতে হয় পায়ে হেঁটে। সঙ্গে রাখতে হয় গাঁইতি, শাবল, কোদালের মতো উপকরণ।
পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক বলেন, ‘ওয়েম্যান পদে আগে শিক্ষাগত যোগ্যতা ছিল এইট পাস। এখন এটা এসএসসি করা আছে। যোগ্যতা সম্পন্ন যে কেউ আবেদন করতে পারে। লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে চূড়ান্ত নিয়োগ পান প্রার্থীরা। ওয়েম্যানের কাজটাই হলো পরিশ্রমের। এবার যারা নিয়োগ পেয়েছেন, সবাই মাস্টার্স করা। উচ্চশিক্ষিত অনেক তরুণ এই কায়িক পরিশ্রমের কাজকে মানিয়ে নিতে পারছেন না, করতে পারছেন না।এর ফলে অনেকে চাকরিও ছেড়ে চলেও যাচ্ছেন।’
তিনি আরে বলেন, ওয়েম্যানের কাজটি ‘এটা মূলত লেবার (শ্রমিক) শ্রেণীর পদ। ওয়েম্যানরা লাইন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লাইনের অ্যালাইনমেন্ট খারাপ থাকলে সেটাকে ঠিক করা, কোথাও কাদা-মাটি জমে গেলে সেটাকে পরিষ্কার করার কাজগুলো করে থাকেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের কাজ করতে হয়। কাজগুলো করতে হয় পায়ে হেঁটে। সঙ্গে রাখতে হয় গাইতি, শাবল, কোদালের মতো উপকরণ।
কর্মসংস্থানের অভাবে,তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে দেশের সর্বোচ্চ ডিগ্রী ধারিরা বা উচ্চ শিক্ষিত হয়েও তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতার চাকরিতে যোগ দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। রেলের ওয়েম্যান নিয়োগ প্রক্রিয়ায় এসব সমস্যারই প্রতিফলন দেখা যাচ্ছে।
মাস্টার্স পাস ওয়েম্যান তো আমাদের দরকার নেই। আমাদের দরকার কাজের লোক।
পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ওয়েম্যান পদে চাকরির যোগ্যতা হলো এসএসসি পাস ও প্রার্থীদের কঠোর পরিশ্রমী হতে হবে। কিন্তু যাদের নিয়োগ দেয়া হয়েছে, তাদের সবাই মাস্টার্স পাস। প্রার্থীরা মাস্টার্স পাসের তথ্য গোপন করে এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে চাকরিতে আবেদন করেছে।
কাজে যোগ দেয়ার পর মাস্টার্স পাস ওয়েম্যানদের অনেকেই চাকরি ছেড়ে দেয়ার বিষয়টি স্বীকার পশ্চিম রেলের এই কর্মকর্তা বলেন, ওয়েম্যান পদে প্রার্থীদের নিয়োগ দেয়ার পাশাপাশি একটি অপেক্ষমান তালিকাও রেখেছে কতৃপক্ষ। যারা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন, তাদের শূন্য পদ এ অপেক্ষমান তালিকা থেকে পূরণ করা হবে। অনেক ক্ষেত্রেই মাস্টার্স পাস করা ওয়েম্যানরা চাকরিতে থাকবে না এই অনুমান করেই অপেক্ষমাণ তালিকা বড় করে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, বিষয় গুলো নিয়ে কর্তৃপক্ষ এক ধরনের বিপদের মধ্যেও আছে। ভবিষ্যতে রেলে এ ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে এমন জটিলতা যেন না হয় সেজন্য চাকরি নীতিমালা পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে রেল কর্তৃপক্ষ । তবে এটা তো রেলপথ মন্ত্রণালয় একা করতে পারেনা। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ সম্পর্কিত প্রতিষ্ঠান গুলোর অনুমোদন লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।





