নারায়ণগঞ্জে ছেলেকে পুড়িয়ে হত্যা, গ্রেফতার মা
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে ১৪ বছর বয়সী ছেলে রাজুকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগে মা লিপি আক্তারকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার এ ঘটনায় থানায় মামলা করেছেন রাজুর বাবা ও লিপির প্রাক্তন স্বামী আনোয়ার হোসেন। গ্রেফতার লিপি আক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও মৃত লতিফের মেয়ে।
অভিযোগে আনোয়ার উল্লেখ করেন, ১৮ বছর আগে তাদের বিয়ে হয়। ১৩ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর মাঝে তাদের ঘরে আসে ১৭ বছরের রাইয়ান হোসেন ও ১৪ বছরের রাজু হোসেন নামে দুই ছেলের। বিচ্ছেদের পর মায়ের কাছে থাকতো সন্তানরা।
১৩ নভেম্বর রাতে লিপি অজ্ঞাত ২,৩ জনকে সঙ্গে নিয়ে রাজুর হাত পা রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়।
এতে রাজু চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। সেখানেই ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন মারা যায় রাজু
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা। তিনি জানান, এ ঘটনা রাজুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত লিপিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।


