সংবাদ সারাদেশ

হাসপাতালের পাইপ কেটে নবজাতককে বের করলেন বাবা

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে সিজারের জন্য ভর্তি হন শিল্পী বেগম নামে এক প্রসূতি। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেটের কমোডেই সন্তান প্রসব হয়ে যায় তার। বিষয়টি প্রথমে তিনি বুঝতে পারেননি। তবে তার সঙ্গে থাকা এক আত্মীয় কমোডে কিছু একটা পড়ে যেতে দেখেন। তিনি বলার আগেই ফ্লাশ করায় কমোডের ভেতর থেকে পাইপের ভেতর ঢুকে যায় নবজাতক।

প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর পাইপ কেটে সেই নবজাতককে সুস্থ উদ্ধার করেন তার বাবা। শনিবার (৭মে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের তৃতীয় তলায় প্রসূতি ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, পাইপ থেকে উদ্ধার করা নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। তবে নবজাতক বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকের বাবার নাম নেয়ামত উল্লাহ এবং মা শিল্পী বেগম। তাদের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গণমান শেখপাড়া বাজার সংলগ্ন এলাকায়। নেয়ামত উল্লাহ পেশায় একজন জেলে। এ দম্পতির ৪ বছর বয়সী আরো একটি সন্তান রয়েছে।

নেয়ামত উল্লাহ বলেন, গুরুতর অসুস্থ হওয়ায় প্রথমে আমার স্ত্রীকে স্বরূপকাঠি হাসপাতালে ভর্তি করাই। কিন্তু অবস্থা ভালো না দেখে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। এখানেও অবস্থার উন্নতি হয়নি। শেষে চিকিৎসক সিজারের সিদ্ধান্ত নেন। দুপুরে অপারেশনের ওষুধ কিনতে বললে আমি সেগুলো আনতে যাই। ওষুধ নিয়ে ফিরে এসে দেখি, টয়লেটে অনেক লোকজন ভিড় করে আছেন। আমার আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছেন।

তিনি আরো বলেন, লোকজন বলাবলি করছিল আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করেছে। হাসপাতালের একজন আমাকে টয়লেটের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়ে দিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের পাইপের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। হাসপাতালের লোকজন বলেছে- ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। আমি অপেক্ষা করিনি। কারণ মেয়ে পড়ে গেছে আমার। আমাকেই তাকে বাঁচাতে হবে। কারো অপেক্ষা না করে দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে আমার সন্তানকে বের করে আনি।

নেয়ামত উল্লাহ বলেন, প্রায় পৌনে দুই ঘণ্টা আমার মেয়েটি টয়লেটের পাইপের মধ্যে ছিল। কীভাবে বেঁচে ছিল? কীভাবে অত খানি গেল বুঝতে পারছি না। আমার স্ত্রী বলেছে সে প্রসব বেদনায় বিষয়টি টেরই পায়নি। কখন টয়লেটের কমোডে সন্তান প্রসব হয়ে গেছে। তার সঙ্গে আমার এক আত্মীয় ছিল। তিনি না দেখলে হয়তো আমার মেয়েকে আর পেতাম না।

তার স্ত্রী শিল্পী বেগম বলেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়েছেন। সবার কাছে দোয়া চাই যেন আমার মেয়ে ভালো থাকে, এবং সুস্থ থাকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button