পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় বাবার বাড়িতে বেড়াতে আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে হোসনে আরা প্রান্তি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল শুক্রবার রাতে পুঠিয়া সদরের গণ্ডগোহালী জামালগঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।
শনিবার ৫ মার্চ সকাল ৯টার দিকে পুলিশ এসে প্রান্তির লাশ উদ্ধার করেন। নিহত প্রান্তি একই এলাকার মো. বাবুর মেয়ে।
জানতে চাইলে, প্রান্তির বাবা বাবু বলেন, প্রায় মাসখানেক আগে প্রান্তি তার স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমাতে যায়।আজ শনিবার ভোরে ফজরের নামাজের জন্য বের হলে তার ঘরের দরজা খোলা দেখতে পাই। এ সময় তার ঘরে প্রবেশ করে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে আমগাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে প্রান্তির লাশ উদ্ধার করেন।
এই বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির মুখে, কপালে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তের পর রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানান তিনি।




