তুচ্ছ বিষয়ে মাকে পিটিয়ে হত্যা করল ছেলে
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার পর লাঠির আঘাতে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। গতকাল শনিবার রাতে ওই উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম (৬০) একই এলাকার মৃত আব্দুল জলিলের স্ত্রী।
প্রতিবেশী শিরিনা আক্তার নামে এক নারী বলেন, সকালে রহিমার সঙ্গে চা খেতে খেতে কথা বলি। কিছুক্ষণ পর তার ছেলে ইব্রাহিম বাড়ি ফিরলে আমি পার্শ্ববর্তী ঘরে চলে যাই। ইব্রাহিম এসে তার মায়ের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করে। এর একপর্যায়ে তার মায়ের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রহিমা মৃত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এ সময় ছেলে ইব্রাহিমের হাতে একটি লাঠি দেখতে পাই।
তিনি আরও জানান, ছেলে ইব্রাহিম তার মায়ের সঙ্গে প্রায় ঝগড়া করত। এ ছাড়া রহিমার সঙ্গে ছেলে ও পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না।
রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, ঘাতক ইব্রাহিমকে আটকের পর মাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে ইব্রাহিম। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় রামগড় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি ।





