রাজশাহী জিপিওতে বিতর্কিত ইউনিয়ন নেতার স্ত্রীর প্রতিদিনের দাপট -সাংবাদিক দেখেই পালালেন
এস কে ফাতেমাঃ
বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন রাজশাহী জিপিও জেলা শাখার সাধারণ সম্পাদক পরিচয়দান কারি এজাজুর রহমানের স্ত্রী আসমাউল হুসনার বিরুদ্ধে অফিসে এসে নির্ধারিত চেয়ারে বসে অনাকাঙ্ক্ষিত দাপট ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। রাজশাহী জিপিও-র কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ এই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, আসমাউল হুসনা সরকারি দপ্তরের কোনো দায়িত্বে না থেকেও নিয়মিত রাজশাহী জিপিও কার্যালয়ে আসেন এবং অফিস করেন। তিনি বিভিন্ন সময় সাধারণ কর্মচারীদের ওপর চড়াও হন এবং প্রভাব খাটিয়ে জিপিও-র অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে জোরপূর্বক হস্তক্ষেপ করেন। ইউনিয়ন সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া ব্যক্তির স্ত্রী হওয়ার সুবাদে তিনি এক প্রকার ‘ছায়া কর্তৃত্ব’ বজায় রাখার চেষ্টা করছেন, যা অফিসের স্বাভাবিক কাজের পরিবেশ ও শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জিপিও-র একাধিক কর্মচারী জানান,
“তিনি (আসমাউল হুসনা) অফিসে এসে এমনভাবে আচরণ করেন যেন তিনিই এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা। তার এই অনধিকার চর্চায় আমরা সাধারণ কর্মচারীরা চরম বিব্রত ও আতঙ্কের মধ্যে থাকি। প্রতিবাদ করলে উল্টো বদলি বা হয়রানির হুমকি দেওয়া হয়।”
এই বিষয়ে অনিবন্ধিত সাধারণ সম্পাদক এজাজুর রহমান অথবা তার স্ত্রী আসমাউল হুসনার আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্ভূত পরিস্থিতির অবসান ঘটিয়ে সরকারি অফিসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাজশাহী জিপিও-র সচেতন কর্মকর্তা-কর্মচারী অংশের দাবি—ব্যক্তিগত সম্পর্কের প্রভাব খাটিয়ে সরকারি অফিসে বহিরাগতদের এমন খবরদারি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।অপর দিকে গতকাল সোমবার এমন ঘটনা জানতে জিপিওতে সাংবাদিক প্রবেশ করলে। সাংবাদিক প্রবেশের টের পেয়েই আসমাউল হুসনা নামের সেই মহিলা দ্রুত অফিস ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় সাংবাদিকরা সেই অফিসে প্রতিদিন অফিস করার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। জিপিও এর এমন ঘটনা নিয়ে পোস্ট অফিস পাড়ায় বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।





