হত্যার পর তড়িঘড়ি দাফন, ৪ দিন পর তোলা হলো গৃহবধূর মরদেহ
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
হত্যার ঘটনা ধামাচাপা দিতে স্ট্রোকের নাটক সাজিয়ে তড়িঘড়ি করে এক গৃহবধূকে কবর দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
নিহত সুমাইয়া আক্তার লক্ষ্মীপুরের উত্তর জয়পুর ইউপির হানিফ মিয়াজি এলাকার আবু হোসেনের মেয়ে।
এ ঘটনায় সুমাইয়ার মা কোহিনূর বেগম খুকি চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ৬ ফেব্রুয়ারি পুলিশ মামলার একমাত্র অভিযুক্ত সুমাইয়ার শ্বশুর আমির হোসেনকে গ্রেফতার করা হয়।এদিকে মামলার তদন্ত করতে দাফনের চারদিন পর কবর থেকে মরদেহ তোলা হয়েছে ওই গৃহবধূর।
এদিকে লক্ষ্মীপুর আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউপির কাশিপুর গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থান থেকে সুমাইয়ার মরদেহ তোলা হয়। এ সময় ডিসির কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপা মনি দেবী, চন্দ্রগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান জানান, প্রায় ৩ বছর আগে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিনের সঙ্গে সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের একটি মেয়ে রয়েছে। তুহিন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বিয়ের পর থেকেই শ্বশুর আমির হোসেন প্রায় গৃহবধু সুমাইয়াকে বকাঝকা করতেন।
শুক্রবার রাতে একপর্যায়ে সুমাইয়াকে তার শ্বশুর পিটিয়ে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্ট্রোকের ঘটনা সাজিয়ে পর দিন ৬ ফেব্রুয়ারি সকালে শ্বশুর বাড়ির লোকজন সুমাইয়ার মরদেহ তড়িঘড়ি করে কবর দিয়ে দেয়। কিন্তু দাফনের পর সুমাইয়ার মা কোহিনূর বেগম হত্যার অভিযোগ এনে আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আমিরকে গ্রেফতার করে। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ তুলে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
নিহতের মা কোহিনূর বেগম খুকি বলেন, আমার মেয়েকে হত্যার পর স্ট্রোকের নাটক সাজিয়ে শ্বশুর বাড়ির লোকজন তড়িঘড়ি করে কবর দিয়ে দিয়েছে। আমির হোসেন আমার মেয়েকে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান বলেন, ঘটনার পরপরই মামলার আসামিকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হয়েছে বলে জানান তিনি।

