রাণীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আনোয়ার (২৭) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। গতকাল রোববার বিকেলে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আনোয়ার বেলঘড়িয়া গ্রামের আনছারের ছেলে। আর আহত দুইজন একই গ্রামের রাজ্জাক (৩৭) ও ছানাউল্লা (৫৫)। আহত দুই জনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে আনোয়ার, রাজ্জাক ও ছানা উল্লাসহ বেশ কয়েক জন মিলে আনোয়ারের বাড়ির পাশে জায়গা-জমি পরিমাপ করছিল। পরিমাপ শেষে বিকেল ৪টার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। তখন আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লা তিন জন একটি ঘরের নিচে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আর আহত রাজ্জাক ও ছানা উল্লাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ। তিনি বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর স্থানীয় লোক জনের মাধ্যমে শুনেছি।





