মায়ের রাগের কারনে প্রাণ গেল একমাত্র সন্তানের
সংবাদ চলমান ডেস্কঃ
গতকাল,সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাবা-মার ঝগড়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল এক শিশু সন্তানের।
শুক্রবার সকালে উপজেলার রফিনগর ইউপির ঝড়াইন্না খাল থেকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়। মাহিন ওই উপজেলার রাফিনগর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে মাহিনের মা-বাবার মধ্যে ঝগড়া হয়। এতে শিশুর মা শেফালি বেগম রাগ করে তার বাবার বাড়ি চলে যান। মাহিনের বাবা ভেবেছিলেন ছেলে মায়ের সঙ্গে গেছে। একইভাবে মা ভেবেছিলেন মাহিন তার বাবার সঙ্গে আছে। তাদের অগোচরে শিশুটি জরাইন্না খালের পানিতে পড়ে যায়। সকালে খালে শিশুর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় না পেলেও দুপুরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মেলে।
দিরাই থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশু মাহিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানিয়েছে।

