বেইলি রোডের আগুন-৪৩ জনের লাশ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী বেইলি রোডের বহুতল ভবনের অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপেক্ষায় আছে এখনো ৩টি মরদেহ হস্তান্তরের।
আজ শনিবার ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল এ তথ্য জানান।
একেএম হেদায়েতুল ইসলাম জানান, আগুনের ঘটনায় নিহত হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী গৃহিণী মেহেরুন্নেছা জাহান হেলালী ও তাদের সাড়ে ৩ বছরের মেয়ে ফায়রুজ কাশেম জামিরার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এ নিয়ে ৪৩টি মরদেহ হস্তান্তর করা হলো। বাকি ৩টি লাশ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিলিয়ে তাদের দাবিদারের কাছে হস্তান্তর করা হবে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ শিশু। তাদের মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। ৪৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




