নরসিংদীতে ইটের স্তূপ ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর চরাঞ্চলে ইটের নিচে চাপায় স্বামী-স্ত্রী মারা গেছে। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভির আহাম্মেদ।
নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানান, ভোরে সম্ভবত নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের উপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙে পড়ে স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
এ ঘটনায় ওসি মো. তানভির আহাম্মেদ জানান, ইট ব্যবসায়ী কালু মিয়া তার টিনসেড বাড়ি ঘরঘেঁষে ইট স্তূপ করে রেখেছিলেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সরে যায়। ফলে ইটগুলো কালুমিয়ার ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে পড়ে যায়। ইট ও ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারির নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা পুলিশ খবর দেয়। মরদেহ উদ্ধার করে তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে।
মরদেহ ময়নাতদন্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।



