টাঙ্গাইলে বাস ও অটোভ্যান সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসের সাথে অটোভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন এবং আহত হয়েছে ১ জন।নিহতরা হলেন উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার এবংএকই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোভ্যান চালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া। আজ দুপুর পৌনে ১টার সময় টাঙ্গাইল জামালপুর সড়কে উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
ধনবাড়ি থানার এসআই ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সাথে অটোভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু’জন নিহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দু’জন মারা যায়। হাসপাতালে আহত একজন চিকিৎসাধীন রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।



