ঝালকাঠিতে অটোরিকশা উল্টে মাদ্রাসা ছাত্র নিহত
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় অটোরিকশা উল্টে মারজান হোসেন নামের এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে।
গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মারজান হোসেন পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাথী গ্রামের লুৎফর বেপারীর ছেলে এবং রাজাপুর হিজবুল কোরআন মাদরাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল।
নিহতের মামা মো. হাসান জানান, মাদরাসা দুদিন বন্ধ দেওয়ার কারণে আমার বোন মারজানকে বাড়ি নিয়ে আসার জন্য দুপুরে রাজাপুর হিজবুল কোরআন মাদরাসায় যান। তাকে নিয়ে অটোরিকশায় বিকেলে বাড়ি ফেরার পথে কাঠিপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে আমার ভাগনে গুরুতর আহত হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তমাল হালদার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান বলেন, স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




