আন্তর্জাতিক

ইরাকে সন্ত্রাসী হামলায় ৫ সেনা নিহত

ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহেদ্দিনে সেনা চৌকিতে ‘সন্ত্রাসী’ হামলায় ৫ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন সেনা কর্মকর্তা ও অন্য ৪ জন সেনা সদস্য। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এএফপি।

একটি নিরাপত্তা সূত্র জানান, দায়েশ (ইসলামিক স্টেট গোষ্ঠী) সন্ত্রাসীরা মাতেবিজা গ্রামের একটি সেনা চৌকিতে আক্রমণ চালিয়ে ৪ জন সেনা সহ রেজিমেন্ট কমান্ডারকে হত্যা করে। অবশ্য ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করার সময়’ এক জন অফিসার এবং তার রেজিমেন্টের বেশ কয়েক জন সদস্য নিহত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকে আইএসের উত্থান ঘটে। সে সময় দুই দেশের বিশাল ভূখণ্ড দখল করে নিজেদের পৃথক রাষ্ট্র ঘোষণা করেছিল আন্তর্জাতিক এই উগ্রবাদী গোষ্ঠী। তবে ২০১৭ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থিত ইরাকি বাহিনী ইরাকে আইএসকে পরাজিত করে।

এরপর ২০১৯ সালে মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনীর কাছে সিরিয়ার শেষ অঞ্চলটিও হারায় সন্ত্রাসী এই গোষ্ঠীটি। তবে আইএসের অবশিষ্ট কিছু দল এখনো তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং মরুভূমির আস্তানা থেকে তারা বিভিন্ন সময়ই প্রাণঘাতী হামলা চালায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button