রাবির ভেতরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, “এর আগেও কৃষ্ণ রায়ের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। গতকালও আমরা একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। হামলার আগে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। হামলার পর সিসিটিভি ও ভিডিও ফুটেজ নিয়ে প্রায় দেড় ঘণ্টা হলের প্রক্টরের কাছে অবস্থান করেও কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। আমাদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তারা আবারও শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করতে পারে।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, “জুলাইয়ের পর ক্যাম্পাসে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা আমরা আশা করিনি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। নতুন বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পথ রুদ্ধ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম (প্রশাসন) বলেন এই ঘটনায় হল কর্তৃপক্ষ একটি মামলা করেছে এছাড়াও প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, বায়োকেমিস্ট ও মলিকিউলার বায়োলজি বিভাগ কে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
হাসপাতালে সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর শিবির সভাপতি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নেয়নি ছাত্রদল। বিগত দিনে ছাত্রলীগ যেভাবে ফ্যাসিবাদী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, ঠিক একইভাবে ছাত্রদলও এখন ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তাদের এই বেপরোয়া আচরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা বিএনপিকে ধ্বংস করার জন্য চরম তাড়াহুড়ো করছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর কোনো ক্যাম্পাসেই আর সন্ত্রাসী ও দখলদার রাজনীতির স্থান হতে দেওয়া হবে না। সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাদের কণ্ঠরোধ করার দিন শেষ হয়ে গেছে। নূরুল ইসলাম সাদ্দাম রাবিতে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গতরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।




