মাথাব্যথা ভাল না হওয়ায় গৃহবধুর আত্নহত্যা
নাটোর প্রতিনিধিঃ
প্রচন্ড মাথাব্যথার যন্ত্রণা সইতে না পেরে নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) উপজেলার ফুলবতী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই গৃহবধুর নাম আলেয়া বেগম। তিনি ফুলবতী গ্রামের রুব্বেল আলীর স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান, আলেয়া বেগম দীর্ঘদিন যাবত মাথার যন্ত্রণায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও তার মাথাব্যথা ভালো হচ্ছিল না। রবিবার সকালে কয়েকবার ওষুধ খাওয়ার পরেও কোনো লাভ হয়নি। পরে স্বামী রুব্বেল আলী মাঠে কাজ করতে গেলে দুপুরের দিকে আলেয়া বেগম ঘরে থাকা ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। এতে অসুস্থ হয়ে পড়েন আলেয়া বেগম।
বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা দ্রুত আলেয়া বেগমকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে বিকেলে মারা যান তিনি।
পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।




