পীরগঞ্জে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক, যুবক আটক
লিমন সরকার ঠাকুরগাও প্রতিনিধিঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মোসাদ্দেক হোসেন নামে এক যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে এবং ঐ যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার এস আই সাধন চন্দ্র রায় বলেন, পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোসাদ্দেক হোসেন বিয়ের প্রলোভনে প্রায় ৬ মাস ধরে একই এলাকার এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। গতকাল বুধবার দুপুরে মোসাদ্দেক ঐ যুবতীর বাড়িতে গেলে এলাকার লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মোসাদ্দেক এবং ঐ যুবতীকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় যুবতীর চাচা আসাদুল ইসলাম বাদি হয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঐ যুবককে আটক করে জেল হাজতে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাও জেলার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





