র্যাবের অভিযানে হেরোইন সহ ধরা ১
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী র্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ শনিবার সকালে এ অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মুকুল (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলি কলিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে।
র্যাব জানায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর আলাতুলী কলিমপাড়ার সীমান্তবর্তী পদ্মার চরে ১ জন মাদক কারবারী তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব ঐ মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মুকুলকে গ্রেফতার করে। পরে তার বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
র্যাব আরো জানায়, মুকুল পেশায় মাছ শিকার করে। পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী পদ্মার দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলেন তিনি।
গ্রেফতারের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে বলেও জানায় র্যাব-৫।





