মোবাইল গেম খেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু
সংবাদ চলমান ডেস্কঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে নানার বাড়ির ছাদে বসে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর রহমান এলেক্স নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে ওই উপজেলার দেওটি ইউপির আমিরাবাদ গ্রামের মিজী বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এলেক্স পার্শ্ববর্তী আমিশাপাড়া ইউপির পদিপাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নর্দান ইনস্টিটিউট অব সাইন্স টেকনোলজিতে ডিপ্লোমা পড়ুয়া নুর রহমান এলেক্স মা পারভিন আক্তারের সঙ্গে ঢাকা থেকে কয়েকদিন আগে দেওটি ইউপির নানার বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার সন্ধ্যায় নানা জয়নাল আবেদিনের ঘরের ছাদে বসে মোবাইলে গেম খেলছিলেন তিনি। সেখানে ছাদের উপর দিয়ে পার্শ্ববর্তী নূর আলমের ঘর থেকে একই বাড়ির মোশারেফ হোসেনের ঘরে একটি সাইড লাইনের মাধ্যমে দেয়া বিদ্যুৎ সংযোগে জড়িয়ে যান এলেক্স। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে।





