গোদাগাড়ীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বাড়িতে ডেকে ধর্ষণ, কাউন্সিলরের ছেলেসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে কাউন্সিলরের ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে পৌরসভার শ্রীমান্তপুর এলাকার অধিবাসী ওসমান গণি (১৬), খন্দকার মো: ওবাইদুল হকের ছেলে রিদুয়ার আলী খন্দকার (১৬) ও পৌরসভার জোদগোমাইদাস এলাকার মোস্তফার ছেলে তারেক রহমান (১৭)। তারা সবাই গোদাগাড়ী সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওসমানের। বিয়ের কথা বলে ওই স্কুলছাত্রীকে গত সোমবার সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা তিনজনকে আসামি করে মঙ্গলবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button