কারখানার আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল এক শ্রমিকের
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে তুলার কারখানায় আগুন লেগে জহুরুল ইসলাম তালুকদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২২মার্চ) দুপুরে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলার কারখানায় এ ঘটনা ঘটে।
এ সময় দগ্ধ হয়েছেন আরো একজন। দগ্ধ শ্রমিকের নাম মোহাম্মদ হোসেন।মৃত জহুরুল খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের ওসমান আলীর ছেলে।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুল হামিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোঃ শামীমুর রহমান বলেন, আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তুলার কারখানার শ্রমিক জহুরুল।
এতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে ও জানান তিনি।





