সুনামগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে, সোমবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদারের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, চারদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে খালার বাড়ি দাসনোয়াগাঁও গ্রামে আসে প্রীতি। সোমবার দুপুরে কামারখালি নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও সফল হয়নি।পরের দিন মঙ্গলবার সকালে একই স্থান থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল জানান, সাঁতার না জানার কারনে শিক্ষার্থী প্রীতি পানিতে ডুবে যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে ও জানান তিনি।




