টাঙ্গাইলে টাকা সহ চোর চক্রের ১ সদস্য ধরা
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ৯ লাখ টাকা সহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
গ্রেফতারকৃত শহিদ মাঝি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের ফটিক মাঝির ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টার দিকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে টাকা গুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তিনি শহরের ললিতা ফার্মেসির সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে দশ লাখ টাকা চুরি যায়। পরবর্তীতে এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওই দিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশের গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।
গতকাল রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করতে পুলিশি অভিযান চলমান।





